আফগানদের বিদায় করে বাংলাদেশের সামনে নেপাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

আগের তিন যুব বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেপাল। তারাই এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিল। আজ নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১ উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে।

সুপার সিক্সে নেপাল প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। নেপাল ডি গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠেছে সুপার সিক্স পর্বে। এ গ্রুপ থেকে দুইয়ে আছে বাংলাদেশ। আর সুপার সিক্সে ৩১ জানুয়ারি খেলা হবে নেপাল বনাম এ-২ এর। এ গ্রুপে শীর্ষে আছে ভারত, তারা নিজেদের শেষ ম্যাচে হারলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষেই থাকবে।

ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তান অলআউট হয় ১৪৫ রানে। ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন নেপালের পেসার আকাশ চান্দ।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৪ রানে ৩ উইকেট হারায় নেপাল। চতুর্থ উইকেটে অধিনায়ক দেব খানাল ৪৯ রানের জুটি গড়েন ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে। এই জুটি ভাঙার পর দ্রুত আরও ২ উইকেট হারায় নেপাল। দেব ফেরেন ৫৮ রান করে। পরে দীপক বোহারা করেন ২৭ রান।

দলীয় ১৪৪ রানে নবম উইকেট হারালে হারের শঙ্কা জাগে নেপাল শিবিরে। তবে একটি ওয়াইড বলের পর, সুবাস ভান্ডারি চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত