প্রিমিয়ার লিগের এখনো ১৩টি খেলা বাকি। তারপরও আবাহনীর শিরোপাস্বপ্ন ধূসর এটা বলে দেওয়া যাচ্ছে। শুক্রবার যে তারা বসুন্ধরা কিংসের কাছে হেরেছে ২-০ ব্যবধানে। পাঁচ ম্যাচ শেষে তারা শীর্ষে থাকা কিংসের চেয়ে পিছিয়ে গেছে আট পয়েন্টে। এই ব্যবধান ঘুচিয়ে শিরোপা পুনরুদ্ধার করা আকাশিদের জন্য ভীষণ কঠিন।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী নেমেছিল লিগে কিংসের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে। এর আগের আট দেখায় একটিও জেতা হয়নি। ছয়টিতে হার, দুটিতে ড্র। মৌসুমের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারের প্রতিশোধ নেওয়ারও একটা ব্যাপার ছিল। কিন্তু আকাশিরা জয়ের জন্য যে খেলা প্রয়োজন ছিল, সেটা খেলতে পারেনি। উল্টো ফের হারের হতাশা সঙ্গী করে ফিরতে হয়েছে। তাতে কিংসের অজেয় যাত্রা অব্যাহত থাকল। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তারা ফের ধেয়ে চলছে সাফল্যের দিকে। আর লিগে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া আবাহনী সাত পয়েন্ট নিয়ে থাকছে তিনে। ময়মনসিংহে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান কিংসের কাজটা আরও সহজ করে দিয়েছে। সাদা-কালোরা ১১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
অথচ ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত যদি ষষ্ঠ মিনিটে গোল পেয়ে যেত আবাহনী। সেটা হতে দেননি এই মৌসুমে প্রথম লিগ ম্যাচ খেলার সুযোগ পাওয়া কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। লিগে প্রত্যাবর্তনটা জিকো রাঙালেন নিজের মতো করে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে আবাহনীর অধিনায়ক রহমত মিয়ার থ্রো-ইন পেয়ে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস করেছিলেন মোহাম্মদ হৃদয়। অনেকটা লাফিয়ে তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাওয়ের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন জিকো। ২৪ মিনিটে মার্কারকে বোকা বানিয়ে বাঁ দিক থেকে কিংস অধিনায়ক রবসন রবিনহোর ক্রসে রাকিব হোসেনের হেড শুয়ে পড়ে রুখে বিপদমুক্ত করেন আবাহনী কিপার শহীদুল আলম সোহেল। তবে দুই মিনিট পর ঠিকই গোল হজম করতে হয় আবাহনীকে। ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগেল ফিগেইরার দূরের পোস্টের কর্নার হেড করে গোলমুখে ফেলেন স্বদেশি ডরিয়েলটন গোমেজ। ভাসানো বলে ওভার হেড কিকে বল জালে জমা করেন কিংস কাপ্তান রবিনহো। সে সময় আবাহনীর ডিফেন্ডাররা চেয়ে চেয়ে দেখেছেন চলতি লিগের অন্যতম সেরা গোলটি। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার মতো খেলা খেলতে পারেনি আবাহনী। অপরিকল্পিত ফুটবলে বিরক্তিই বাড়িয়েছে তারা। দলটির আক্রমণভাগের তিন বিদেশিকে বলের জোগান দেওয়ার মতো ছিল না কেউ। এনামুল গাজী, আসাদুজ্জামান বাবলু, মাসুদ মৃধার মতো আনকোরারা তিন বিদেশির তালে তাল মেলাতে পারেননি। ৬৬ মিনিটে মাঝমাঠে তপু বর্মণের শট জোনাথন ফার্নান্দেজের গায়ে লেগে কিংসের অর্ধে চলে এলে দ্রুত বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কর্নেলিয়াস যে শট নেন, তা পোস্টে থাকলে বিপদ হতে পারত কিংসের। ৭২ মিনিটে ২-০তে এগিয়ে যায় কিংস। রবিনহোর বাড়ানো বল ডরিয়েলটনের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে সহজেই সোহেলকে পরাস্ত করেন মিগেল ফিগেইরা। ময়মনসিংহে মোহামেডানকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ধুঁকতে থাকা চট্টগ্রাম আবাহনী। নয়ে থাকা দলটির সংগ্রহ তিন। অন্যদিকে রাজশাহীতে ব্রাদার্সকে সাজ্জাদ হোসেনের জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
