আভিষ্কা তাণ্ডবে চট্টগ্রামের ১৯৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম

বল খেলেছেছেন ৫০টি। ৫ চার ও ৭ ছক্কা মেরে করেছেন ৯১ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকার আফসোসে পুড়লেও আবিস্কা ফার্নান্দোর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এনে দিয়েছেন ১৯৩ রানের বড় পুঁজি। ফরচুন বরিশালকে টপকাতে হবে এই পাহাড়সম সংগ্রহ।

২ উইকেটে ৫০ রানে পাওয়ার প্লে শেষ করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রানের গতি এরপর আরও বেড়ে যায়। ওপেনার আবিস্কা ফার্নান্দো আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যান বড় সংগ্রহের পথে। এদিন এই লঙ্কান ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেন শাহাদাত হোসেন দিপু।

আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া আভিষ্কা আজ রীতিমতো চাড়-ছয়ের বন্যা বইয়ে দেন। দিপুকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৭০ রান, কেবল ৫৫ বলে। তবে ৩১ রানে থাকা দিপুকে ফিরিয়ে এই জুটি ভাঙতে অবদান রাখেন প্রথম ম্যাচ খেলতে নামা ক্যারিবীয় স্পিনার ইয়ানিক ক্যারিয়াহ।

ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে কামরুল ইসলাম রাব্বিকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন আভিষ্কা। এরপর যেন আভিষ্কা হয়ে ওঠেন আরও ভয়ংকর। দেশের সতীর্থ দুনিথ ওয়েল্লালাগের পরের ওভারে মোট ২০ রান নিয়ে ৪৪ বলে আভিষ্কা পৌঁছে যান ৬৯ রানে।

বরিশালের জার্সিতে এদিন সবচেয়ে খরুচে ছিলেন লঙ্কান দুনিথ ওয়েল্লালাগেই, ৪ ওভারে দেন ৪৭ রান। দিপু ফেরার পর আভিষ্কাকে সঙ্গ দিতে আসেন নাজিবউল্লাহ জাদরান। এই জুটিতে দ্রুত রান আসে চট্টগ্রামের স্কোরবোর্ডে। ৩৮ বলে খেলা ৬৮ রানের জুটিতে নাজিবউল্লাহর সংগ্রহ ছিল কেবল ১৮, বাকিটা তান্ডব চালিয়ে নেন আভিষ্কা ফার্নান্দো।

ফরচুন বরিশালের হয়ে তাইজুল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন। এছাড়া কামরুল ইসলাম ও ইয়ানিক ক্যারিয়াহ একটি করে উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত