৩০ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগও

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম

আগামী ৩০ জানুয়ারি বিএনপির পর এবার সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। সারা দেশে লাল-সবুজ পতাকা নিয়ে শান্তি ও গণতন্ত্র মিছিল করা হবে।

তিনি বলেন, বিএনপির কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে। এখন খেলা হবে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, হান্নান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত