ভাগ্যে থাকলে এমনি হবে, লবিং করব না

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪০ এএম

সামনেই ভালোবাসা দিবস। শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। সেদিক থেকে খুব বেশি কাজে এবার দেখা যাবে না মাখনুন সুলতানা মাহিমাকে। গেল বছরে ‘নিকষ’ ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় থাকলেও পড়াশোনার চাপে এখন কাজে খুব বেশি মনোযোগ দিতে পারছেন না বলে জানালেন তরুণ এই অভিনেত্রী। জানালেন, ভালোবাসা দিবসে শুধুমাত্র একটি নাটকে দেখা যাবে তাকে।

‘ও কন্যা’ শিরোনামের এ নাটকটি পরিচালনা করবেন মাবরুর রশীদ বান্নাহ। আগামী সপ্তাহে এর শুটিং করবেন মাহিমা। এখানে তার সঙ্গে দেখা যাবে প্রত্যয় হিরনকে। অভিনেত্রী বলেন, ‘এবার ভালোবাসা দিবসের জন্য খুব বেশি কাজ করতে পারিনি। একটাই করব। একদমই প্রেমের গল্প। নাম শুনেই বুঝা যাচ্ছে মেয়ের ওপর গল্পটি। বাকিটা এখন আর না বলি।’

মাহিমার সমসাময়িক অনেকেই এখন বেশ আলোচিত, নিজেদের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। নিজের অবস্থান নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘আমি অবস্থান নিয়ে সন্তুষ্ট। আমি কখনোই এক লাফে এগিয়ে যেতে চাইনি এবং চিন্তাও করি না। আমার জার্নিটা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই যাচ্ছে। কাজের ব্যস্ততা বেড়েছে, ধীরে সুস্থে চলছি এবং সেটাই চাই। কেননা, হুট করে কিছু পেয়ে গেলে সেটা হারিয়েও যায় তাড়াতাড়ি। তাছাড়া কাজের সংখ্যা কম হওয়ার কারণ একটাই, আমার পড়াশোনা। সামনে আমার ফাইনাল পরীক্ষা, যার কারণে চাইলেও আমি এখন কাজ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘অনেকে যারা ভালো কাজ করছেন বা ভালো অবস্থানে আছেন সেটা তারা তাদের কাজের জন্যই পেয়েছেন। পড়াশোনা এবং কাজ দুটো একসঙ্গে সামলানো আমার জন্য একটু কঠিন। আর কে কী করছে বা না করছে সেগুলো নিয়ে আমি কখনোই ভাবি না। আমার পরীক্ষা শেষ হতে হতে রোজা চলে আসবে। এরপর আমি একদম ফ্রি। তখন থেকে আবারও নিয়মিত হব। আমি তো কারও কাছে কাজ চাইতে পারি না, লবিংও করতে পারি না। ভাগ্যে থাকলে এমনি হবে, তাও লবিং সম্ভব না। এমন অনেকবার হয়েছে যে আমার ছেড়ে দেওয়া কাজ দিয়ে অন্য কেউ অনেক আলোচিত হয়েছে এখনকার সময়ের। এটাকে আমি খারাপভাবে দেখছি না। আমার কাছে স্ক্রিপ্ট এসেছিল কিন্তু আমি করতে পারিনি পরীক্ষার জন্য। আমাকে নিয়ে সবাই একটা কথাই বলে এই মেয়েটা সারা বছরই শুধু পরীক্ষা দেয়। পরীক্ষার জন্য আমি অনেক ভালো ভালো কাজ মিস করেছি। পরে হয়তো একটু খারাপ লাগত। ব্যস এটুকুই, আর কিছু না। কখনো কাউকে নিয়ে জেলাসি বা হিংসা কাজ করে না আমার মধ্যে। আমি চাই, সবাই ভালো করুক এবং বেশি বেশি কাজ করুক।’

‘আর এখনকার সময়ে যেসব গল্প আসে বেশিরভাগই ট্রেন্ডি গল্প। এসব ট্রেন্ডি গল্প করতে করতে এক প্রকার বিরক্তই আমি। প্রযোজকদের অনেকেই ট্রেন্ডি গল্প নিয়ে কাজ করতে চান, হয়তো সবাই না। এরমধ্যে ক্রিয়েটিভ কাজও হয়। আমি সেসব ক্রিয়েটিভ কাজগুলো করতে চাই। আমি কিছু ভালো ভালো গল্পেও কাজ করেছি যেগুলো আমার ভীষণ পছন্দের।’ যোগ করেন ‘নিকষ’ খ্যাত এ অভিনেত্রী।

নাটক ছাড়াও মাহিমার একটি ওয়েব ফিল্ম রয়েছে মুক্তির অপেক্ষায়। তপু খান পরিচালিত ‘ডার্ক জাস্টিস’-এ আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইরফান সাজ্জাদ, শায়লা সাবি প্রমুখ।

‘রঙঢঙ’ সিনেমার মধ্য দিয়ে ৭ বছর আগে শোবিজে নাম লিখিয়েছিলেন মাখনুন সুলতানা মাহিমা। আহসান সারোয়ার পরিচালিত এ সিনেমার শুটিং শেষ হলেও পরে আর তা মুক্তি পায়নি। তবে সিনেমাটির ‘বয়স ষোলোতে প্রেম’ গানটি মুক্তি পেলে তা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। এরপর মাঝে কয়েক বছর অভিনয়ে দেখা না গেলেও নিয়মিত ‘খেয়ালী’ গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালের শেষের দিকে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘কল্প তরুর গল্প’ নাটক দিয়ে আবারও অভিনয়ে ফিরেন মাহিমা। এরপর একাধারে নাটক, ওয়েব ও বিজ্ঞাপনে কাজ করেন। ‘বদমাইশ পোলাপাইন’ ওয়েব সিরিজ দিয়ে দারুণ সাড়া পান। সেইসঙ্গে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মরণোত্তম’ দিয়ে ব্যাপক আলোচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত