রাজধানীর উত্তরার লেক পাড়ে ড্রাম ট্রাকের চাপায় এনামুল হক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার রাত দেড়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত এনামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বাবার নাম আশরাফ আলী। বর্তমানে উত্তরা লেক এলাকায় থাকতেন।
উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার কিশোর কুমার সাগর জানান, ১৫ দিন যাবৎ সেখানে লেবার হিসেবে কাজ করে আসছিলেন এনামুল। রাত দেড়টার দিকে লেক পাড়ে প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক পেছনের দিকে চালানোর সময় সেই ট্রাকের নিচে চাপা পড়েন এনামুল।
দেখতে পেয়ে গুরুতর আহত এনামুলকে স্থানীয় হাইকেয়ার হসপিটালে নেয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
