পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরিতে যোগদান করার পর দুই ধাপ (মহাব্যবস্থাপক) যেতে ২২-২৪ বছর পর্যন্ত সময় লেগে যায়। মাত্র দুটি পদোন্নতি নিয়েই বেশিরভাগ প্রকৌশলীর চাকরিজীবন শেষ হয়। কারও কারও ভাগ্যে তাও জোটে না। পদোন্নতির এমন বঞ্চনার পাশাপাশি তাদের পদমর্যাদা নিয়েও রয়েছে দীর্ঘদিনের অসন্তোষ।
এসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে রবিবার (২৮ জানুয়ারি) সকালে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের মাধ্যমে আরইবির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রায় দেড় হাজার কর্মকর্তা। সেখানে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদের কর্মকর্তারা তাদের পদবি পরিবর্তন এবং সরকারের অন্যান্য সেবার জনবলের মতো পদমর্যাদার দাবি জানিয়েছেন।
স্মারক লিপিকে বলা হয়, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মী। দেশের ৬৪ টি জেলার মধ্যে ৬১ টি জেলা ও ৪৬২ টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল পর্যায়ে বিদ্যুৎ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পল্লী বিদ্যুৎ সমিতি। জেলা-উপজেলা পর্যায়ের অন্য সরকারি দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে হয় তাদেরকে। সরকারি এমনকি বিদ্যুৎ বিভাগের অন্যান্য দপ্তরেও এজিএম, ডিজিএম, জিএম পদ নেই। এ কারণে প্রশাসনিকভাবে দাপ্তরিক কাজে অনেক জটিলতা তৈরি হয়। তাছাড়া এজিএম, ডিজিএম, জিএম পদের পদমর্যাদা স্পষ্ট না থাকায় কর্মক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই তারা পদবি পরিবর্তন করে পদমর্যাদা নির্ধারণের দাবি জানিয়েছেন।
তাদের দাবি, বর্তমান পদ এজিএম থেকে সহকারী পরিচালক/ সহকারী প্রকৌশলী করে ৯ম গ্রেডের সমমান করা হোক। ডিজিএম থেকে উপ-পরিচালক/ নির্বাহী প্রকৌশলী করে ৬ষ্ঠ গ্রেড বা সমমান এবং জিএম পদটিকে পরিচালক/ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ পরিবর্তন করে চতুর্থ ৪র্থ গ্রেড বা সমমান করা হোক।
স্মারকলিপিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী কোন কর্মকর্তা একই পদে ৫ বছর অতিবাহিত করলে পরবর্তী উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। বিদ্যুৎ বিভাগের অন্যান্য সংস্থা এমনকি আরইবির কর্মকর্তাদের ক্ষেত্রে ওই নির্দেশনা কার্যকর হলেও পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেত্রে তা মানা হচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা এজিএম হিসেবে যোগদানের পর ডিজিএম হতে ৮-১০ বছর এবং ডিজিএম হতে জিএম হতে আরও ১২-১৪ বছর সময় লাগে।
সরকারের অন্য দপ্তরের মতো নিয়ম মেনে নিয়মিত পদোন্নতির পাশাপাশি যথাযথ পদমর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়ে স্মারকলিপিতে।
