বালির স্তুপে পাওয়া গেল সাড়ে ৮ কেজি হেরোইন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে, মাদককারবারিদের গ্রেপ্তার করতে পারেনি। উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে গতকার শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। একটি খামারবাড়ির ভেতরে কয়েকটি স্থানে বালির স্তুপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে এসব হেরোইন লুকিয়ে রাখা রাখা হয়েছিল। এই ঘটনায় পলাতক আসামি করে খামার বাড়ির মালিক ওই গ্রামের ফরিদুল ইসলাম ও বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের সোহেল রানার নামে মামলা দায়ের করা হয়েছে।

হেরোইন উদ্ধার নিয়ে আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। 

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এলাকার মানুষও তাদের মাদক ব্যবসায়ী হিসেবে চেনে। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত