লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওরফে টিকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের বাসিন্দা।
৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল ভোরে বাংলাদেশের ৫ থেকে ৬ জনের গরু ও অন্য সামগ্রী পাচারকারীদের একটি দল সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপপিলারের কাছ দিয়ে চিনি পাচারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারিদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকার রফিউল ইসলাম টিকলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। বিএসএফের সদস্যরা টিকলুর লাশ সীমান্ত থেকে ভোরে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। পরে বিএসএফের সহায়তায় বেলা ১১টায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা-পুলিশ লাশ নিয়ে যায়।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, টিকলুর মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।
দহগ্রাম ইউনিয় পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় হয়তো তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বলেন, ‘ভারতের এক থেকে দেড়শ গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবক টিকলু নিহত হন। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি, তারা (বিএসএফ) জানিয়েছে, ময়নাতদন্ত করে নিহতের লাশ ফেরত দেবে।’
