বিউটি সার্ভিস ওনার্স অব বাংলাদেশের (বিএসওএবি) আয়োজনে দেশের প্রথম হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ শুরু হতে যাচ্ছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থার প্রেসিডেন্ট কানিজ আলমাস খান।
যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিউটি ইন্ডাস্ট্রির নারীদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি শুরু হবে এই আয়োজন। রাজধানীর আইসিসিবি হল ৩-এ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এই উৎসব।
ভিন্নধর্মী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বিএসওএবি-এর প্রেসিডেন্ট কানিজ আলমাস খান এবং সেক্রেটারি সুমনা হাসান। সংবাদ সম্মেলনে বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান বলেন, আমরা বিউটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথমবারের মতো হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট আয়োজন করছি। নারীদের স্বাধীন, স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।
বিএসওএবির সেক্রেটারি সুমনা হাসান বলেন, হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট কেবল আমাদের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য নয়, একই সঙ্গে বিউটি ইন্ডাস্ট্রিতে যোগদানে ইচ্ছুক সুবিধাবঞ্চিত নারীদের সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে। সকল প্রতিবন্ধকতা ভেঙে আমাদের সদস্যদের জন্য আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ প্রশস্ত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
ইভেন্টের প্রধান কর্মসূচির মধ্যে থাকবে ফ্যাশন শো, দেশি-বিদেশি হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্টদের লাইভ ডেমনস্ট্রেশন, লেটেস্ট ট্রেন্ডস দ্বারা সজ্জিত বিশেষ প্রদর্শনী, ব্যবসায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্ব এবং বিউটি ইন্ডাস্ট্রিতে অসামান্য ভূমিকা পালনকারীদের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান পর্ব।
