মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ট্রেন লাইনের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় মো. সায়েদ মোল্লা নামের এক ব্যক্তি বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। এই এলাকা দিয়ে ঘোরাফিরা করত। বিকেলে ট্রেনলাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যৃ হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
