আসামিকে ফুল দিয়ে বরণ করে নিলেন এএসআই!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

দ্রুত বিচার মামলার আলোচিত আসামি ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম দিদারকে ফুল দিয়ে বরণ করেছেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার এএসআই খালেদা নাসরিন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি গতকাল সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে দিদারুল আলম সিকদারকে ফুল দিয়ে বরণ করেন এএসআই খালেদা নাসরিন। বিএনপি নেতা দিদার উপজেলার ছনহরা ইউনিয়নের মৃত নুরুল আলমের পুত্র।

জানা গেছে, গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে ভোটারদের উদ্বুদ্ধ করে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদার। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিফলেটসহ দিদারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর পটিয়া থানার এসআই মো. জহির বাদী হয়ে একটি মামলা করেন। দ্রুত বিচার মামলার প্রধান আসামি দিদার উচ্চ আদালত থেকে জামিনে হওয়ার পর সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়। এসময় তাকে চট্টগ্রাম সদরঘাট থানার এএসআই খালেদা নাসরিন ফুল দিয়ে বরণ করেন। ফুলের ছবিটি কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া দেখা দেয়।

এএসআই খালেদা নাসরিন বিএনপি নেতার বোন বলে জানা গেছে। 

দ্রুত বিচার মামলার আসামিকে ফুল দিয়ে বরণের বিষয়টি পুলিশ কর্তৃক অপরাধীকে উৎসাহ দেওয়ার শামিল বলে মনে করছে সচেতন মহল।

এব্যাপারে যোগাযোগ করা হলে এএসআই খালেদা নাসরিন বলেন, দিদার আমার বড় ভাই। জেল থেকে বের হওয়ার খবরে তাঁকে দেখতে গিয়েছি। এটা পারিবারিক বিষয়, দোষের কিছু না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত