গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা, মহাসড়ক অবরোধ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলসহ তিনজনকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের ফারুক খান মিলনায়তনের কাছে এ হামলার ঘটনা ঘটে। তাদের উপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে মুকসুদপুর আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে যাওয়ার সময় সাহিদুর রহমান টুটুল ও তার ড্রাইভারের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদেরকে হাতুড়ি পেটা করে। এতে আওয়ামী লীগ নেতা সাহিদুর রহমানের বাম হাত ও বাপ পায়ে ১৫টির অধিক হাতুড়ির আঘাত রয়েছে। এ সময় ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খানও (২৫) আহত হয়।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘটনার জানার সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত