ম্যানচেস্টার সিটির হয়ে গেল মৌসুমে দারুণ ফর্মে ছিলেন আর্লিং হালান্ড। পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল এবারও। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৯ গোল। তবে পায়ের ইনজুরির কারণে গেল প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা জানালেন, বার্নলির বিপক্ষে ম্যাচে দলে ফিরছেন হালান্ড।
বাংলাদেশ সময় আগামীকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানসিটি খেলবে বার্নলির বিপক্ষে। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, 'সে (আর্লিং হালান্ড) দলে থাকবে। অনেকদিন পর এই প্রথম সে ফিরছে। আর্লিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা এখন আরও শক্তিশালী। কাল সে আমাদের সঙ্গে থাকবে।'
দলে ফিরলেও হালান্ড শুরুর একাদশে নামবেন নাকি বদলি হিসেবে তা নিশ্চিত নয়।
গেল ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচ খেলেছিলেন হালান্ড। এরপর ইনজুরিতে পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির মোট ১০টি ম্যাচ মিস করেছেন।
