বিচার প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের মন্তব্যের প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছ বটে, তা বুড়িগঙ্গা নদীর পানির মতোই। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শাজাহান ওমর যে মামলায় জর্জ কোর্ট থেকে জামিন পান, সেই মামলায় বিএনপি মহাসচিবসহ অসংখ্য নেতাকর্মী কারাগারে আছেন। তাদের জামিন দেওয়া হয় না। অথচ একজন শাজাহান ওমরকে কেনার পর তার সব কিছু মাফ হয়ে গেছে।
তিনি আরও বলেন, জনগণ প্রত্যাখাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা পরই জানা গেল আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিটার ভাড়া এক লাফে দ্বিগুণ বৃদ্ধি ৭ জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসেবে জনগণের ওপর ধার্য করা হয়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণকে বন্দুকের নলের মুখে দুরে ঠেলে ক্ষমতা দখলে রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে লুণ্ঠনের অভয়ারণ্য বানানো। আর এর ফলশ্রুতিতে দেশের সার্বিক পরিস্থিতি অরাজকতার কালো আধারে আচ্ছন্ন। ভয়াবহ ডলার সঙ্কটের কারণে রফতানি প্রবৃদ্ধিতে ধস নেমেছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতে নগদ সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ ডামি সরকার। এমনিতেই বায়ারদের কাছ থেকে পোশাকের অর্ডার অর্ধেকে নেমে এসেছে। এছাড়াও চামড়া, পাটজাত পণ্য, এগ্রো প্রসেসিং পণ্যে নগদ সহায়তা অনেক কমিয়ে দেয়া হয়েছে। ফলে এ সমস্ত পণ্যের রফতানি চরমভাবে হ্রাস পাবে।
তিনি বলেন, ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না। এরা অবাধ লুণ্ঠনের যে নজির তৈরি করেছে তা পৃথিবীতে বিরল। বেপরোয়া দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও সংস্থা গড়ে তুলেছে। এদের দিয়েই প্রবল জনমতকে দমন করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির ওপর নামিয়ে আনা হয় এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। দলীয় ক্যাডার, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজদেরকে ভরণ-পোষণ করতে গিয়ে রাষ্ট্রের কোষাগার শূণ্য করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে যেভাবে হরিলুট হয়েছে সেটি পূরণ করতেই এরা রফতানি খাত থেকে তহবিল কমাচ্ছে।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, এখন টিআইবি বলছে এই দুর্নীতি বর্তমানে আরও অবনতিশীল হয়েছে। দখলদার আওয়ামী সরকার শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছেন।
গতকালের শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতর্কিত হামলা করে এমন অভিযোগ করে তিনি বলেন, কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার, ৭০ জন আহত এবং ছয়টি মামলা দিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিলকিস জাহান শিরিন প্রমুখ।
