নেত্রকোণার খালিয়াজুরী হাওর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে মাখরাইন হাওরের নীলডোয়া ধনু নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরীর লিপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. চান মিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জেলেরা ধনু নদীতে মাছ ধরতে গেলে মাখরাইন এলাকা ধনু নদীর পাড়ে একটি বস্তার মধ্যে হাত বেরিয়ে থাকতে দেখতে পান। বস্তার কাছে গিয়ে দেখেন বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে তারা থানায় খবর নিলে বস্তাবন্দি লাশ পুলিশ উদ্ধার করে। মরদেহটি গলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যায়নি। মাথার চুল দেখে একজন পুরুষের বলে শনাক্ত করা গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অনেক দিন আগে শ্বাস রোধ করে হত্যার পর লাশটি হাওরে ফেলে দেওয়া হয়েছে।
লিপসিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোহাম্মদ চান মিয়া জানান, বস্তাবন্দি গলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহ শনাক্ত করা যায়নি। আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের পাঠানো হবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
