নিজস্ব প্রতিবেদক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ না পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত ১২ বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা দিতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।
বিএসএমএমইউ অধিভুক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের রেসিডেন্ট ও নন- রেসিডেন্টের বিভিন্ন কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক পারিতোষিক বা বৃত্তি প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আপত্তি নেই। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বিধায় বিশ্ববিদ্যালয় থেকে এসব বেসরকারি প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের পারিতোষিক বা বৃত্তি প্রদান করা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট রেসিডেন্ট চিকিৎসকদের পারিতোষিক বা বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।’ এসব চিকিৎসকের ভাতা বন্ধের প্রভাব কোর্সে পড়বে বলে মনে করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ভাতা না পেলে এসব কোর্সে শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা আছে।
