যে যতই গালি দিক জি এম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।

মুজিবুল হক চুন্নু বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।

তিনি বলেন, একটি পার্টি চলন্ত ট্রেনের মত, জাপার চালক ঠিক আছে, মাঝে মাঝে খারাপ যাত্রী উঠলে তাদের বাদ দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত