বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং স্বশিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৪ গতকাল শনিবার বিকেলে পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে শেষ হয়েছে। তিন দিনব্যাপী ক্ষুদে বিজ্ঞানীদের এ মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে নিহত বিসিএসআইআরের বিজ্ঞানী ড. আমিন উদ্দিনসহ অন্যান্য নিহত বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন যে, বিজ্ঞান এমন এক বিষয় যা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞানের প্রতি মনোনিবেশের জন্য আগ্রহ ও আকর্ষণের বিকল্প নেই।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ‘গেস্ট অব অনার’ ছিলেন শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ও অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।
সভাপতির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, তিন দিনের বিজ্ঞান মেলায় অংশ নিয়ে বাকি ৩৬২ দিন বিজ্ঞান থেকে দূরে থাকলে বিজ্ঞান গবেষক হওয়া যায় না। তোমরাই পার জাতিকে নতুন আলোর পথ দেখাতে। সেজন্য তোমাদের তৈরি হতে হবে।
এ বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপে ৬৩টি প্রতিষ্ঠানের ৬৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। যেখানে অংশগ্রহণ করে প্রায় ১৯৭ জন ক্ষুদে বিজ্ঞানী। বিজ্ঞপ্তি
