রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ফার্মেসীসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরিফুল হোসাইন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজার, সিংগা বাজার ও নিজাতপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, মিষ্টির দোকানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে সদর উপজেলার সিংগা বাজারের মেসার্স জনসেবা মেডিকেল হলকে সাত হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে নিজাতপুর বাজারের সর্দার স্টোর ও ওয়াদুদ স্টোরকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। তিনটি প্রতিষ্ঠাকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
