গুলিবিদ্ধ ২ বিজিপি সদস্য কক্সবাজার হাসপাতালে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্প থেকে কক্সবাজার আনা হয়।

আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের নাম জা নি মং (Za Ni Moung) এবং নিম লাইন কিং (Nim Hline Khine)। আরও বেশ কয়েকজনকে কুতুপালং এর এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলা তুমুল সংঘর্ষে আরাকান আর্মির সাথে টিকতে না পেরে এখন পর্যন্ত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির প্রায় ৬৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয়ে এসেছে। যাদের অস্ত্র জমা নিয়ে বিজিবি আশ্রয় দিয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, বিজিবি মিয়ানমারের আহত দুজন সীমান্তরক্ষীকে কক্সবাজার সদর হাসপাতালে এনেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন, বিজিপির অনেক সদস্য কয়েকদফা শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত