অস্ট্রেলিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও নিউজিল্যান্ড জাতীয় নারী দলের স্পিন কোচ ক্রেইগ হাওয়ার্ডকে নিজেদের স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেশটির স্পিন বোলিং কোচের ভূমিকায় হাওয়ার্ডকে দেখা যাবে বলে এসএলসি সূত্রের বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথের মতো নামজাদা স্পিনারদের দেশের জাতীয় দলে স্পিন কোচ হিসেবে একজন অস্ট্রেলিয়ান কোচের নিয়োগের সংবাদ কিছুটা চমক জাগানিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল ৩ সম্পন্ন করা হাওয়ার্ড এর আগে ১২ বছর দেশটির কনসালটেন্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভিক্টোরিয়ানসের কোচের দায়িত্বেও ছিলেন হাওয়ার্ড। ফেব্রুয়ারি থেকে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হবেন হাওয়ার্ড।
তবে এখনো শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খেলোয়াড়ি জীবনে ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২ উইকেট শিকার করেন এ লেগ স্পিনার।
