বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে। এ অবস্থায় সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তারা যে সহযোগিতাই চাইছে আমরা দিচ্ছি। দেশের প্রয়োজনে যেকোনো কাজে সেনাবাহিনী, বিজিবি ও অন্য সদস্যদের সঙ্গে পুলিশও কাজ করবে।
তিনি বলেন, আমাদের সদস্যরা মোটিভেটেড। তারা যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত চলছে দেশটির বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তার রাষ্ট্রক্ষমতা দখলের পর এ সংঘাত বেড়ে যায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে।
