যেকোনো ক্রিকেটারের জীবনে সবচেয়ে ব্ড় শত্রুর নাম ইনজুরি। প্রতিনিয়ত তার সঙ্গে লড়েই ক্রিকেটাররা টিকে থাকেন তার ক্রীড়াঙ্গনে। আর যারা এ লড়াইয়ে হার মানেন তাদের পড়তে হয় ঝরে। পেস বোলিং অলরাউন্ডারের আকালের বাংলাদেশে স্বস্তি হয়ে এসেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৩ সালের ১৩ মে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন সাইফউদ্দিন। সেই থেকে প্রায় ৯ মাস পর আবার ফিরলেন ক্রিকেটে। বিপিএলে নিজের দল ফরচুন বরিশালের ৭ম ম্যাচে সুযোগ পান একাদশে। আগে ফিল্ডিং করা বরিশাল দ্বিতীয় ওভারেই বল তুলে দেয় তার হাতে। সেই ওভারে মাত্র ১ রান দেন সাইফ।
নিজের দ্বিতীয় ওভার করতে এসেই উইকেটের দেখা পান সাইফ। তার করা বল তানজিদ হাসান তামিমের ব্যাট ছুঁয়ে ঠাই পায় মুশফিকুর রহিমের গ্লাভসে। চিরচেনা উদযাপনে মাতার উপলক্ষ্য পেয়ে যান সাইফ। দুহাত মুঠোবদ্ধ করে বুকের কাছে এনে পর মুহূর্তেই প্রসারিত দেন শূন্যে। জানান দিলেন এখনো ফুরিয়ে যাননি।
জাতীয় দলের জার্সিতে ২৯ ওয়ানডেতে ৪১টি আর ৩৪ টি-টোয়েন্টিতে ৩৪টি উইকেট শিকার করেছেন সাইফ। ওয়ানডেতে ৩৬.২০ গড়ে তার রান ৩৬২।
