দিন দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। চিকিৎসকরা বলছেন, পানি ও খাবারের মাধ্যমে হেপাটাইসিস ‘এ’ রোগ ছড়ায়। এটি অত্যন্ত ছোঁয়াচে লিভার সংক্রমণ। এ রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই।
শিক্ষার্থীরা আতঙ্কিত হলেও ভ্রুক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নামমাত্র ক্যাম্পেইন ছাড়া কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পায় জন্ডিস আক্রান্তের সংখ্যা। শুরুতে এটি গুরুত্ব না দেওয়ায় হঠাৎ বড় আকার ধারণ করে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সূত্র জানিয়েছে, জানুয়ারির ১৫ তারিখ থেকে জন্ডিসে আক্রান্ত শিক্ষার্থী ও অসুস্থ হয়ে জন্ডিস পরীক্ষা করা রোগীর সংখ্যা লিপিবদ্ধ করা হচ্ছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত (২১ দিন) বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে জন্ডিস পরীক্ষা করেছেন ৩২৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থীর দেহে জন্ডিস শনাক্ত হয়েছে। সেই হিসেবে গড়ে প্রতিদিন ছয়জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যদি কোনো শিক্ষক-শিক্ষার্থী জন্ডিস পরীক্ষা করিয়েছেন কি-না বা তাদের মধ্যে কারো জন্ডিস শনাক্ত হওয়ার তথ্য নেই মেডিকেলে। তবে মো. মুরাদ মৃধা নামের বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শেষ বর্ষের এক শিক্ষার্থী জন্ডিস আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
মুরাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার অনেক রকমের অসুস্থতা ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছিলেন মুরাদ। সম্প্রতি ডেঙ্গু এরপর জন্ডিস ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক মো. তবিবুর রহমান শেখ দেশ রূপান্তরকে বলেন, কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মূলত অস্বাস্থ্যকর পানি ও খাবারের কারণে জন্ডিস দেখা দেয়। হেপাটাইসিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যাই বেশি। অস্বাস্থ্যকর পানি ও খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা এ রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দোকানি ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে একদিন ক্যাম্পেইন করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ দোকানগুলোতে সাবমারসিবল পাম্পের পানি পরিবেশন করার নির্দেশনা দিয়েছি। বুধবার থেকে জন্ডিস বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।
মধ্যবিত্তরা ঋণ নিলে নিজেরা নিঃস্ব হয়, উচ্চবিত্তরা নিলে ব্যাংকই নিঃস্ব হয়- এটা কী সত্যি!