দুদকে শরীফের চাকরিচ্যুতির বৈধতা প্রশ্নে রুল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ এএম

কারণ দর্শানো নোটিস ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে শরীফ উদ্দিনকে বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সব সুবিধাসহ শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।

দুদকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রায় দুই বছর আগে শরীফ উদ্দিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আগামী দুই সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে শরীফের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজীব। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

চাকরিবিধি না মানার কারণে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুদক। এ নিয়ে গণমাধ্যমে দুদক ও শরীফের পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ আসে। শরীফ উদ্দিনের অপসারণের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ওই বছরের ১৩ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন হয়। এতে দুদক সার্ভিস রুলস ২০০৮-এ ৫৪ (২) ধারাবলে শরীফ উদ্দিনের অপসারণের আদেশ চ্যালেঞ্জ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত