চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে একটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফ্রেব্রুয়ারি) ফৌজদারহাটে স্টেশনের পর ক্যাডেট কলেজের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে তিনজন লোকোমাস্টার আহত হয়েছেন।
আহতরা হলেন, কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী, সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম ও ইঞ্জিনের থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী। এদের মধ্যে সবুজ চৌধুরীকে আহত অবস্থায় একে খান আল-আমীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
বাকি দুজনকে আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সহকর্মী মো. ওমর ফারুক।
তিনি বলেন, সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট স্টেশন মাস্টারের ক্লিয়ারেন্স পাওয়ার পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস। অন্যদিকে একই লাইনে একটি সান্টিং ইঞ্জিন সিজিওইপিতে নেওয়া হচ্ছিল। এ সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের সাথে সানটিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কর্ণফুলীর কমিউটার ইঞ্জিনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
