গাজীপুরের শ্রীপুরে ১৭ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা আবার এক প্রবাসী ও এক কলেজ শিক্ষকের বাসায় গুলি ছুড়েছে। তারা প্রায় ২০টি মোটরসাইকেলে করে দেশি ধারালো অস্ত্রের মহড়াও দেয়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে।
এর আগে গত মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে ৯ রাউন্ড গুলি ছুড়ে এক দল দুর্বৃত্ত। বাসার বারান্দায় পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দেয় গুলিবর্ষণকারীরা।
তার রেশ কাটতে না কাটতেই প্রবাসী ও শিক্ষকের বাসায় গুলি ছুড়ল অস্ত্রধারীরা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। পুলিশ যদিও বলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলি ছোড়া ও অস্ত্রের মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুলিতে দুটি বাসার জানালার কাচ ফুটো হয়ে গেছে। তবে কেউ আহত বা নিহত হয়নি। এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও পুলিশ বলছে, দ্রুত তারা অস্ত্রধারীদের পাকড়াও করবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকার সৌদি প্রবাসী মাহবুব আলমের ফ্ল্যাট লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পাশের কলেজ শিক্ষক শিপুল খন্দকারের ভাড়া বাসা লক্ষ্য করেও গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তারা জানান, দুর্বৃত্তরা সংখ্যায় প্রায় ৫০ জন ছিল। ২০-২২টি মোটরসাইকেলে করে তারা এসে গুলি ছুড়ে। সবার হাতেই দা, ছুরি, লোহার রড ও হকিস্টিক ছিল। তারা হর্ন বাজিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং উল্লাস করতে করতে অস্ত্রমহড়া দেয়।
অস্ত্রমহড়া ও গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছে, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে আধিপত্য বিস্তার করতেই এ ঘটনা ঘটেছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। তদন্ত চলছে।’
