সম্মেলনে প্রধান বিচারপতি

দেশে হৃদরোগ চক্ষু চিকিৎসা বিশ্বমানের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ এএম

দেশে চক্ষু ও হৃদরোগের চিকিৎসা বিশ্বমানের হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওয়ায়দুল হাসান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। চক্ষু চিকিৎসা ও হৃদরোগের চিকিৎসা আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশ নির্ভরতা কমেছে। দেশের গ্রামীণ জনপদের মানুষের মধ্যে চোখের যত্নের বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রশাসনিকভাবে কাজ করতে হবে।

প্রধান বিচারপতি প্রতি ১০টি চোখের ছানি অপারেশনের ১টি অন্তত বিনা পারিশ্রমিকে এবং সাধারণ মানুষদের মধ্যে সচেতনতার পাশাপাশি দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা করার আহ্বান জানান।

গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির তিন দিনব্যাপী ৫১তম বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সম্মেলনের প্রতিপাদ্য ‘যত্নে রাখি চোখ, দৃষ্টি রাখি ভালো, নতুন দিনের দৃষ্টিপ্রদীপ, একান্নতেই জ্বালো’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. একেএম মুকতাদির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত