২০১৩ সালের পর আবার আফ্রিকা নেশনস কাপের ফাইনালে উঠল আফ্রিকার সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া। টাইব্রেকারে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বুধবার প্রথম সেমিফাইনালের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ ড্রয়ে শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে নাইজেরিয়া।
১৯৯৬ সালে নিজেদের একমাত্র শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকা সবশেষ ফাইনালে উঠেছিল ১৯৯৮ সালে। তার পরের ২০০০ সালের আসরেও তারা সেমিফাইনালে নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নেয়। রাতের সেমিতে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় কাটে। ডি-বক্সে ডিফেন্ডার মোথোবি এমভালা ভিক্টর ওসিমোনকে ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে উইলিয়াম ট্রোস্ট-একং গোল করে এগিয়ে দেন সুপার ঈগলসদের। পিছিয়ে পড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায় একেবারে শেষ সময়ে।
নাইজেরিয়ার ডি-বক্সে ফরোয়ার্ড পার্সি তাউ ফাউলের শিকার হওয়ার পেনাল্টির আবেদন করে দক্ষিণ আফ্রিকা। ভিএআরের সাহায্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৯০ মিনিটে টেবোহো মোকোয়েনা পেনাল্টি থেকে স্কোর করে সমতায় ফেরান গাবানা গাবানাদের।
অতিরিক্ত সময়ের ২৫তম মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার গ্র্যান্ট কেকানা। তবুও আর গোল হয়নি, টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি ওয়াবালি প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে দেন। আর দলের শেষ শটে লেস্টার সিটি ফরোয়ার্ড কেলেচি ইহেনাচো বল জালে পাঠাতেই উল্লাসে ফেটে পড়ে সবশেষ ২০১৩ সালে শিরোপা জয়ীরা।
আগামী রোববারের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া লড়বে স্বাগতিক আইভরি কোস্টের বিপক্ষে।
