রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ শীর্ষক এ পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শফিউল আজিম, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।
ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’ আয়োজিত মেলাটির টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং শীর্ষস্থানীয় গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) মেলার পার্টনার হিসেবে রয়েছে। দেশ-বিদেশের ৮০টিরও বেশি প্রতিষ্ঠান ও সংস্থা শতাধিক স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্রেনিং ইন্সটিটিউট, মেডিক্যাল ট্যুরিজম এজেন্সিসহ ভ্রমণ ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
জানা যায়, ‘বাংলাদেশ মনিটর’ ২০০২ সালে দেশের প্রথম আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট প্রবর্তন করে। পরবর্তীতে মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলাটি ঢাকা ট্রাভেল মার্টের ১৯তম সংস্করণ।
মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় অফার করছে। মূল্যছাড়ের আওতায় রয়েছে এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট আবাসন, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি। পর্যটন এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এবং ভিজিটরদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।
মেলার সমাপনী দিনে ভিজিটরদের উপস্থিতিতে এন্ট্রি টিকিটের ওপর গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল পুরস্কারের মধ্যে থাকছে জেদ্দা/মদিনা, মালদ্বীপ, দুবাই, ব্যাংকক, দিল্লি, মুম্বাই, কলকাতা, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রাম ভ্রমণের জন্য রিটার্ন টিকিট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বান্দরবান এবং কুয়াকাটায় বিভিন্ন, তারকা হোটেল ও রিসোর্টে আবাসন, দুজনের জন্য ডিনার কুপন ইত্যাদি। এ ছাড়া ইউএস বাংলা ও নভোএয়ারও টিকিটের ওপর ছাড় দিয়েছে।
‘২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে’
মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজে ছাত্রীর আত্মহত্যা