ঢাকায় বাংলাদেশ পর্যটন মেলা শুরু ৩০ অক্টোবর 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা, বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) ৩ দিনব্যাপী আন্তর্জাতিক এই মেলা শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত টোয়াব বিটিটিএফ-২০২৫ প্রেস মিট ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি মো. রাফেউজ্জামান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় ২০টির বেশি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক। প্রদর্শকদের সংখ্যা ২৫০-এর বেশি এবং বাণিজ্যিক প্রতিনিধির সংখ্যা প্রায় ২ হাজার।

মেলায় থাকবে চারটি পৃথক হল। মোট ২২০টি স্টল ও প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে। আয়োজকরা আশা করছেন, এ তিন দিনে মেলায় প্রায় ৫০ হাজার দর্শনার্থী উপস্থিত হবেন।

বিশেষ করে জুলাই যোদ্ধা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ একেবারে বিনামূল্যে রাখা হয়েছে, যাতে তারা পর্যটন খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

মেলায় দর্শনার্থী ও প্রদর্শকদের সুবিধার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপস চালু করা হয়েছে, যা বাংলাদেশের মেলার ইতিহাসে প্রথম। এই অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা ভেন্যুর ডিজিটাল ম্যাপ, স্টলের অবস্থান, প্রতিষ্ঠানের নাম ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি টোয়াবের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি-নির্ভর ফিচার, যার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে মেলার সর্বশেষ আপডেট পেতে পারবেন।

এবারের মেলায় টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো মেলা প্লাস্টিকমুক্ত থাকবে। দেশের আটটি বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।

মেলায় চলবে সাইডলাইন ইভেন্ট হিসেবে বিটুবি (B2B) সেশন, সেমিনার, রাউন্ড টেবিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের জন্য প্রতিদিন আয়োজন করা হবে র‍্যাফেল ড্র, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

মেলার বিস্তারিত তথ্য তুলে ধরতে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন, প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশীসহ টোয়াবের পরিচালক ও সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। তিনি বলেন, বিটিটিএফ বাংলাদেশের পর্যটন উন্নয়নে একটি অন্যতম প্ল্যাটফর্ম। সরকারের পক্ষ থেকে আমরা এই আয়োজনকে সর্বাত্মক সহযোগিতা করছি।

এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসান, বিটিটিএফ ২০২৫-এর গোল্ড স্পন্সর আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার।

অনুষ্ঠানে টোয়াবের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পরিচালক মো. ইউনুছ অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং মেলার জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপসটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত