কাবিখার টাকা টিসিবির পণ্য চেয়ারম্যানের পেটে!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন জুনুর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর/কাবিখা এবং অন্যান্য প্রকল্পের কাজ না করে চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া দরিদ্রদের টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে চেয়ারম্যান নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্যরা অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত হন। চেয়ারম্যানের অনিয়মে ইউপি সচিব সহযোগিতা করছেন বলে অভিযোগে বলা হয়।

ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, ‘গত পয়লা ফেব্রুয়ারি ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ হচ্ছে শুনে আমিসহ অন্যান্য ইউপি সদস্যরা ইউনিয়নে উপস্থিত হয়ে দেখি পুরো মালামাল ডিলারের কাছে নেই। অবশিষ্ট মালামাল কোথায় জানতে চাইলে ডিলার বলেন, এগুলো চেয়ারম্যানের বিষয় আপনাদের জানার অধিকার নেই। পরবর্তী সময়ে বিষয়টি ইউপি সচিবকে অবগত করলে তিনি ইউনিয়নের অতিথি রুম থেকে ৩৬ বোতল সয়াবিন তেল, ৩৬ প্যাকেট ডাল ও  ৩৬ প্যাকেট চাল বের করে দেন।’

অভিযোগের বিষয়ে মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ ভুয়া।’

জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম বলেন, ‘এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত