প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার শুরু হচ্ছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার শুরুর উদ্যোগ নিচ্ছে সরকার।

আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি আরও বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মা ঘরে একা থাকেন। এতে অনেক সময় তারা দুর্ঘটনার স্বীকার হয়। পাশাপাশি বাইরে কর্মজীবী সন্তানদের বাড়তি চিন্তা নিয়ে কাজে অংশ নিতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব সুযোগ-সুবিধা থাকবে। দিনশেষে তারা বাড়িতে ফিরে যাবে। এতে প্রবীণ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রতিষ্ঠানের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, অধ্যক্ষ সাইফুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত