রাজশাহীতে এক নারীকে বাড়িতে ডেকে ধর্ষণ ও সেই দৃশ্য ধারণের অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার নগরীর পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে র্যাব-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
আটককৃতরা হলেন নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকার আলমগীর ওরফে রয়েল, তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বোন দিলারা বেগম (৩৫) এবং তাদের সহযোগী মমতাজ বেগম (৪২)।
র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, রয়েল এবং ভুক্তভোগী নারী একে অন্যের পূর্ব পরিচিত। গত ৭ ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে ১২টার দিকে কোর্ট স্টেশনের দিকে আসেন এক নারী। এ সময় তিনি তার মোবাইলটি হারিয়ে ফেলেন। এ সময় রয়েল তাকে মোবাইল খুঁজে দেওয়ার নাম করে পদ্মা আবাসিকে তার ভাড়া বাড়িতে ডেকে আনেন। পরে তাকে জোরপূর্বক রয়েলের শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য রয়েলের স্ত্রী হেলেনা মোবাইল ফোনে ধারণ করেন। এরপর ভুক্তভোগী ওই নারীকে সেই ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন রয়েল ও তার সঙ্গে থাকা ওই তিন নারী। ভুক্তভোগী সেখানে তাদের একটি স্ট্যাম্পে সই দিয়ে কোনোমতে ফেরেন। পরে চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি মামলা করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় র্যাব-৫-এর টিম ওই মামলায় সম্পৃক্ত হয় এবং বৃহস্পতিবার এই চক্রটিকে আটক করে।
