এবারের বিপিএলে দলীয় সংগ্রহ প্রথমবারের মতো ২০০ বা তার বেশি হলো ২৭তম ম্যাচে এসে। আজ মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১১ রান করেছে রংপুর।
চলতি বিপিএলে এর আগে রংপুরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৮৩ রান আর আসরের সর্বোচ্চ সংগ্রহ ছিল চট্টগ্রামের ১৯৩/৪। সেটিকে ছাড়িয়ে আজ দুইশো পাড় করলো রংপুর।
মিরপুরে দিনের ম্যাচে সাধারণত রান কম হয়। তবে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে এর ছয় ওভারেই বিনা উইকেটে ৫২ রান তোলে রংপুর। রনি তালুকদার ১৭ বলে ২৪ করে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৬১ রানে। দ্বিতীয় উইকেটেও ভালো জুটি হয়। ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার রেজ হেনড্রিক্স ও সাকিব আল হাসান।
সাকিব ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন। ম্যাচে ব্যক্তিগত ৮ রানে পৌছলে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তিনি। তার আগে এই তালিকায় জায়গা পাওয়া অপর বাংলাদেশি হলেন তামিম ইকবাল।
একই ওভারে সাকিব ও হেন্ড্রিকসকে (৪১ বলে ৫৮) ফেরান সালাউদ্দিন শাকিল। এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নামেন ৩৫ বছরের বাঁ-হাতি মিডিয়াম পেসার শাকিল।
এর পরের গল্পটা অধিনায়ক নুরুল হাসান সোহান ও জিমি নিশামের। চতুর্থ উইকেট জুটিতে তারা অবিচ্ছেদ্য ৮৯ রানের জুটি গড়েন। তাতেই এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ করে রংপুর।
সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। আর নিশামের ব্যাট থেকে আসে ২৬ বলে অপরাজিত ৫১ রান। নিশামের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা।
বাবর আজসহ পাকিস্তানিরা নিজ দেশে ফিরে গেছেন। আজ রংপুর একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামে।
