বিলাওয়াল

সরকার গঠনে জোট নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সরকার গঠনে সম্ভাব্য জোট নিয়ে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নাওয়াজ (পিএমএল-এন), তেহরিক ই ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি।

শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) জিও নিউজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।

পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফের সঙ্গে তার বা তার বাবা আসিফ জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জিও নিউজ জানতে চাইলে বিলাওয়াল বলেন, আমি এ ধরনের কোনো বৈঠক নিশ্চিত করার মতো অবস্থানে নেই। যখন সমস্ত ফলাফল প্রকাশ হবে, তখন আমরা অন্য কারও সঙ্গে জোট বাধব কিনা ভাবব।

বিলাওয়াল আরও বলেছেন, পিটিআইয়ের কোনো স্বতন্ত্র প্রার্থী এখনও পর্যন্ত তার সঙ্গে বা কোনো পিপিপি নেতার সাথে যোগাযোগ করেননি। এমনকি জোট বাধার কথাও জানাননি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনের ফলাফল প্রকাশে অস্বাভাবিক ধীরগতি দেখা গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা, ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন।

তবে পিটিআই দাবি করছে, তারা ১৭০টি আসনে জয় পেয়েছে। বাকি আসনগুলোর ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত