অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭ দশমকি ৭০ শতাংশ অর্জিত হয়েছে। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে ২৩ হাজার ২২৭ কোটি ১৯ লাখ টাকা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুণ।
জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ কোটি ৫৭ লাখ টাকা। গত ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে।
মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) এক লাখ ৬৫ হাজার ৬২৯.৭৫ কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি খাতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এক হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। এ সময়ে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে ২৩ হাজার ২২৭ কোটি ১৯ লাখ টাকা।
