ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মাইক্রোবাস চালক। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাকসাতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই মনিরুজ্জামান (৫০) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপূর সদর উপজেলার রাজবল্লবপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। আহত চালকের নাম তূষার (৩০) ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় এসআই মনিরুজ্জামান নারায়নগঞ্জ থেকে মামলার সাক্ষ্য দিয়ে মাইক্রোবাসে (ঢাকা—মেট্রো—চ—৫১—৫৪৯৯) ফিরছিলন। ফেরার পথে ভালুকা উপজেলার ভরাডোবা বাকসাতরা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে সামনের অংশ পানিতে ডুবে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে মনিরুজ্জামান ও চালক তূষার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তূষারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহ কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহত এসআই মনিরুজ্জামান শেরপুর জেলার সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কতোয়ালি থানায় কর্মরত ছিল। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
