ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, দুই কিশোর নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বগুড়া সদরের ২য় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইনুর (১৩) ও সিফাত (১৫)। তারা দুজন সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে মাইনুর বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে এবং সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের মো. উজ্জ্বলের ছেলে। মাইনুর বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ সুত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মাইনুর আর সিফাত ফিলিংস্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বউবাজারের বাসায় ফিরছিল। দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬১২১) একটি দুধবাহী লরিকে ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনস্থলেই ওই দুই কিশোর নিহত হয়।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দুই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত