বলিউডে একটিই সিনেমা করেছেন, তাও আবার শাহরুখ খানের বিপরীতে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় মাহিরা খান ফিরে যান পাকিস্তানে। তাতে অবশ্য মাহিরার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কাঁটাতারের এপারে ওপারে, দুই দেশেই জনপ্রিয়তা তার।
গত বছর অক্টোবর মাসে নতুন জীবনে পা দেন তিনি। শিল্পপতি সেলিম করিমের সঙ্গে ঘর বাঁধেন মাহিরা। অভিনেত্রীর প্রথম বিয়ের ভাঙার পর একটা লম্বা সময় সেলিমের সঙ্গে সম্পর্কে ছিলেন। শেষে সেলিমের সঙ্গে ফের সংসার পাতার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিয়ের মাস তিনেকের মধ্যে নাকি অন্তঃসত্ত্বা হন মাহিরা। ছাড়তে হয় নেটফ্লিক্সে ‘জো বাঁচে সঙ্গ সামেট শো’ সিরিজের কাজ। গত কয়েকদিন ধরেই এই খবরে সয়লাব চার দিক। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
শোনা যাচ্ছিল, চলতি বছর সেপ্টেম্বর মাস নাগাদ সেলিম-মাহিরার সংসারে আসবে নতুন অতিথি। সেই জন্যই নাকি হাতের কাজ কমাচ্ছেন। স্বেচ্ছায় ছেড়েছেন একাধিক ভাল কাজের প্রস্তাব। তবে এই প্রসঙ্গে মাহিরা বলেন, ‘আমি এখনই মা হচ্ছি না, আর নেটফ্লিক্সের কাজটাও করছি।’
সেলিমের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালে আলি আসকারির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। পরিবারের অমতে আলিকে বিয়ে করেন তিনি। ২৩ বছর বয়সে ২০০৭ সালে আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিরা। বিয়ের দু’বছর পর পুত্রসন্তানের জন্ম হয় মাহিরার। নাম আজলান। কিন্তু ২০১৫ সালে আলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার। ছেলে থাকে মাহিরার সঙ্গেই। ছেলের বয়স ১৪ বছর। মাহিরার দ্বিতীয় বিয়ের দিন মায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়েই দেখা মিলেছিল তার পুত্রের।
