রেলওয়ের গুদাম থেকে লোহা চুরি, অভিযুক্ত খালাসি বরখাস্ত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের গুদাম থেকে পুরনো লোহা চুরির ঘটনায় সংকেত অফিসের সুমন সরদার নামের এক খালাসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের এসএসএই মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় উদ্ধারকৃত ১০০ কেজি লোহা জব্দ দেখানো হয়।

রেলওয়ে সূত্রে জানায়, সান্তাহার রেলওয়ে সংকেত অফিসের পাশে সুইচ কেবিনের গুদাম থেকে সংকেত অফিসের খালাসি সুমন সরদার রেলওয়ের বেশ কিছু মালামাল (লোহা) চুরি করে। সোমবার সন্ধ্যায় সে সব লোহা বস্তায় ভরে ভ্যানযোগে পৌর শহরের মালগুদাম মসজিদের পাশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। এসময় সেখানে কর্তব্যরত মালগুদাম বিট সিপাহী মেহেদী হাসনাত মুন্না তার গতিবিধি সন্দেহজনক দেখে বস্তা ও ব্যাগ তল্লাশি করতে চাইলে সুমন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ১০০ কেজি মালামাল উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী জানান, মালামাল উদ্ধারের পর তদন্তপূর্বক অভিযুক্ত খালাসি সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভাগীয় মামলা করা হয়েছে। সেই সাথে তদন্ত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের এসএসএই (সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মনোয়ার হোসেন জানান, তার সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত