মেহেদির রঙ শুকানোর আগেই লাশ হলো তাছলিমা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মেহেদির রং শুকানোর আগেই লাশ হলো তাছলিমা আক্তার। বিয়ের ৪ দিনের মাথায় স্বামী তাকে গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় স্বামী আব্দুল হামিদ তাকে হত্যা করেছে। এ ঘটনা টের পেয়ে বড় ভাই আব্দুল হানিফ এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আব্দুল হামিদ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে  প্রবাসী আব্দুল হামিদের সঙ্গে ৮ মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জামের মেয়ে তাছলিমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয়। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুই পরিবারের অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আব্দুল হামিদ। এর মধ্যে একবার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ি থেকে ঘুুরে এসেছেন। মঙ্গলবার দুপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে ঘাতক স্বামী।

তাছলিমার বড় ভাই আব্দুল কুদ্দুছ বলেন, ৭/৮ মাস আসে বিদেশে থাকা অবস্থায় হামিদের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। গত শুক্রবার অনুষ্ঠান করে বোনকে স্বামীর বাড়িতে পাঠাই। এ সময়ের মধ্যে কোন ঝামেলা হয়েছে কিনা বলতে পারিনা। আমি আমার বোনের হত্যার বিচার চাই। 

স্থানীয় কয়েজন জানায়, হামিদ ৬ বছর বিদেশ ছিল। ১৫/২০ দিন আগে দেশে ফিরে আসে। সে কারও সঙ্গে মিশতো না।

হামিদের বড় ভাই সেন্টু মিয়ার স্ত্রী রুবি আক্তার বলেন, গোসলখানায় যাওয়ার সময় তাছলিমাকে রান্না ঘরে বসে থাকতে দেখেছি। তাকে বলেছি আজকে থেকে তুমি আমাদের ঘরে খেও। এই বলে আমি গোসলো যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে দৌড়ে এসে দেখি হামিদ ও হানিফ দুই ভাই ধস্তাধস্তি করছে। হানিফের মুখে রক্ত। হানিফ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পাশের বাড়ির একজন লোকজন এগিয়ে এসে হামিদের হাত থেকে হানিফকে রক্ষা করে। হামিদ তখন দৌড়ে পালিয়ে যায়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, দুপুরে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। রক্তাক্ত অবস্থায় নববধূর লাশ বিছানায় পেয়েছি। মরদেহের সুরতহাল করা হয়েছে। আসামীকে ধরার জন্য বাইপাস সড়ক ও সীমান্ত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে|

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত