সুন্দরবনের গহীন বন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকাল দশটার দিকে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্টে খালের পাশের বন থেকে বাঘের মৃতদেহটি উদ্ধার করা হয়। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে বলে ধারনা বনবিভাগের।
তবে মঙ্গলবার দুপুরে বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা বাঘের মগজ, মাংসসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা তাদের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। বাঘটির মৃতদেহ বনভিাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংরক্ষণ করার উদ্যোগ নিয়ে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, সোমবার সকাল দশটার দিকে কচিখালী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্টে খালের পাশের বনে একটি বাঘ পড়ে থাকতে দেখে। কাছে যেয়ে তারা দেখে বাঘটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। তখন তারা বাঘের মরদেহটি উদ্ধার করে কচিখালী স্টেশন অফিসে নিয়ে আসে। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বাঘটি পুরুষ। বয়স আনুমানিক ১৫ বছর। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছি। তারপরও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের ডেকে ময়নাতদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বাঘটির মৃতদেহ চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আমরা চাই বিএনপি কোমর সোজা করে দাঁড়াক: পররাষ্ট্রমন্ত্রী