যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের র‍্যালীতে বন্দুক হামলা, নিহত ১

  • বুধবার দুপুরে বিজয় র‍্যালিটি ইউনিয়ন ট্রেন স্টেশনে শেষ হলে হাজার হাজার ভক্তের মাঝেই বন্দুক হামলার ঘটনা ঘটে
  • ছয় থেকে ১৫ বছর বয়সী নয়টি শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় চিলড্রেনস মার্সি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে 
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ন্যাশনাল ফুটবল লিগের বিজয় র‍্যালিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় একজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার দেশটির ন্যাশনাল ফুটবল লিগের ফাইনাল সুপার বোলে কানসাস সিটি চিফসের জয় উপলক্ষে প্যারেড ও র‌্যালিতে এ হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কানসাস সিটির ডাউনটাউনের ইউনিয়ন ট্রেন স্টেশনের পশ্চিম দিকে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে বিজয় র‍্যালিটি সেখানে গিয়ে শেষ হলে হাজার হাজার ভক্ত উৎসব দেখতে জড়ো হয়, সে সময়ই বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে, গোলাগুলির সময় কানসাস সিটি চিফসের খেলোয়াড়রা তখনও একটি মঞ্চে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই ভিড় লক্ষ্য করে গুলি চলতে শুরু হলে প্যারেড ছত্রভঙ্গ হয়ে যায়। লোকজন আতঙ্কে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করে। এলোপাথাড়ি গুলির কারণে অনেকেই গুলিবিদ্ধ হন।

এছাড়া গোলাগুলির কারণে মানুষের হুড়োহুড়ি লেগে যাওয়ায় অনেকেই আকস্মিক পদদলিত হয়ে আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে নয়জন শিশু ছিল। চিফ নার্সিং অফিসার স্টেফানি মেয়ার জানিয়েছেন, ছয় থেকে ১৫ বছর বয়সী নয়টি শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় চিলড্রেনস মার্সি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কানসাস সিটির পুলিশ প্রধান স্টেসি গ্রেভস জানান, বন্দুক হামলা শুরু হওয়ার কর্মকর্তারা দ্রুত প্রতিরোধ করেন এবং ঘটনাস্থলে থাকা গোয়েন্দারা দ্রুত তদন্ত শুরু করে। এছাড়া আহতদের সাহায্যে দমকল বিভাগ ও দ্রুত কাজ শুরু করে।

বিজয় র‍্যালি ও প্যারেড নিরাপত্তার দায়িত্বে ৮০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করায় হতাহতের পরিমাণ কমানো গিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন।

তবে কর্মকর্তারা হতাহতদের কারও নাম প্রকাশ করেননি। এমনকি গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের সম্পর্কেও তারা কোনো বিস্তারিত তথ্য জানাননি। কি কারণে বন্দুক হামলার ঘটনা ঘটল তাও জানায়নি পুলিশ কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত