বিপিএল দশম আসর

মাঠে আর দেখা যাবে না মাশরাফীকে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

বিপিএলের গত আসরের রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্স এবার আছে তলানীর দিকে। টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচের সবগুলোতেই তারা দেখে হারের মুখ। তারপরই এবারের আসর থেকে বিশ্রাম নেন দলটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফিটনেস সমস্যা তো আগে থেকে ছিলই, পাশাপাশি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়ার পর ব্যস্ততা আরও বেড়ে যায় তার।

তবে চলতি বিপিএলের শেষভাগে আবারও মাশরাফীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছিল। সেটার সত্যতা যাচাই করতে আজ প্রশ্ন রাখা হয়েছিল সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ।

তিনি বলেছেন, ‘ওর (মাশরাফীর) সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে ওর অফিস নিয়ে খুব ব্যস্ত। যার কারণে এখন পারবে না। হয়ত পরের বছর আবার ভালোভাবে কামব্যাক করবে। মাশরাফীর সঙ্গে সবসময় আমাদের কথা হয়। কীভাবে কী করা যায় এসব নিয়ে ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথা বলে।’

টুর্নামেন্টে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে সিলেট। তবুও প্লে অফের আশা করছেন প্রধান কোচ রাজিন, ‘আশা করছি ৩টি ম্যাচ যদি জিততে পারি, হয়ত প্লে-অফ খেলতে পারব। আমরা তো ৩টি ম্যাচ জিতেছি। এখনও আশায় আছি। বাকি ৩টি ম্যাচ জেতার জন্য যাব। বাকিটা দেখা যাক। আমাদের প্রথম লক্ষ্যই ছিল কোয়ালিফাই করা। আমাদের জন্য কামব্যাক করা কষ্ট হয়ে গেছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত