পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি স্কপের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

সরকার ঘোষিত পে স্কেল ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও চাকরিচ্যুতি বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে স্কপ নেতারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বকেয়া মজুরি ও ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্দোলন দমনে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এতে শত শত শ্রমিক আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক গ্রেপ্তারও হয়েছেন।

স্কপ নেতারা বলেন, তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ জোগান দেয়। এ খাতে ৩৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন, যাঁদের ৫৫ শতাংশ নারী। অথচ বকেয়া মজুরি, অনিয়মিত ওভারটাইমের টাকা, ছুটি না দেওয়া, ব্ল্যাকলিস্টিং এবং অন্যায়ের প্রতিবাদ করলেই চাকরিচ্যুতির মতো ঘটনায় শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছে।

তাঁদের মতে, শ্রমিক অসন্তোষের মূল কারণ দূর না করে আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করলে সংকটের সমাধান হবে না। বরং ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির সুযোগ নিশ্চিত করে সুস্থ শিল্পসম্পর্ক গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দ্রব্যমূল্য, বাড়িভাড়া, বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্তমান মজুরিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও অনেকের জন্য কঠিন। তাই সরকারি কর্মচারীদের ঘোষিত পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে।

স্কপ নেতারা জানান, গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠিত হলেও প্রতিবার মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের আন্দোলন, হামলা-মামলা ও চাকরিচ্যুতির শিকার হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইন করে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে স্কপ। দাবিগুলোর মধ্যে রয়েছে—আন্দোলনে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের মুক্তি এবং দমন-পীড়ন বন্ধ করা। এ ছাড়া আন্দোলনের অজুহাতে চাকরিচ্যুতি ও ব্ল্যাকলিস্টিং বন্ধ, অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বেতন আটকে রাখা মালিকদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

পাশাপাশি শ্রমিকদের জন্য রেশন, আবাসন, শিল্পাঞ্চলভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র, ডে-কেয়ার সেন্টার ও নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণের আহ্বান জানায় সংগঠনটি।

স্কপ নেতারা বলেন, শ্রমিকদের বঞ্চনা ও অসন্তোষকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে চলবে না। সুস্থ শিল্পসম্পর্ক প্রতিষ্ঠার পথে বাধাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায়ে শিল্পাঞ্চলে সভা-সমাবেশের মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্কপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন। মূল বক্তব্য উপস্থাপন করেন অপর যুগ্ম সমন্বয়ক এএএম ফয়েজ হোসেন।

এ সময় স্কপ নেতা আনোয়ার হোসেন, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ আবু জাফর, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, আমিরুল হক আমিন, কামরুল আহসান, শাকিল আক্তার চৌধুরী, শহিদুল্লাহ বাদলসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত