রোহিত-জাদেজার সেঞ্চুরির মাঝে ‘বিদ্রোহী’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ এএম

শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল ভারত। ধাক্কা সামলে বড় জুটি গড়লেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। দুজনই পেলেন সেঞ্চুরির স্বাদ। শেষ দিকে চমৎকার ফিফটিতে দিনটা স্বাগতিকদের করে নিলেন অভিষিক্ত সরফরাজ খান। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান।

রাজকোটের ব্যাটিং সহায়ক উইকেটে সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে নাড়িয়ে দেন মার্ক উড। পরে টম হার্টলিও উইকেট শিকারে যোগ দিলে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। রোহিত শর্মাকে সঙ্গ দিতে পাঁচ নম্বরে নামেন জাদেজা। প্রায় দেড় বছর পর টেস্টে এত ওপরে নামানো হয় তাকে। কারণটা পরের দুজন ব্যাটসম্যান অভিষিক্ত সরফরাজ খান আর জুরেল।

মধ্যাহ্ন বিরতির আগে চলতি সিরিজে নিজের প্রথম পঞ্চাশ পূর্ণ করেন রোহিত।  দ্বিতীয় সেশনে আঁটসাঁট লাইন-লেংথে জাদেজার কঠিন পরীক্ষা নেন অ্যান্ডারসন। অল্পের জন্য স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যায় একটি ডেলিভারি। তবে ধৈর্যচ্যুতি ঘটতে দেননি জাদেজা। ওই ধাপ পেরিয়ে ৯৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

উইকেটে থিতু হয়ে যাওয়ার পর হাত খুলে খেলতেও দ্বিধা করেননি রোহিত। রুটকে লং অন দিয়ে মারা ছক্কায় মাহেন্দ্র সিং ধোনিকে (৭৮) টপকে যান তিনি। চা বিরতির পর প্রথম ওভারেই রেহান আহমেদের বলে দুটি ডাবলস নিয়ে তিনি পৌঁছে যান কাক্সিক্ষত ঠিকানায়। একাদশ সেঞ্চুরি করতে তিনি খেলেন ১৫৭ বল। পরে রেহানের বলে বিশাল ছক্কা মারেন রোহিত। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছক্কার তালিকায় ধোনিকে (২১১) ছাড়িয়ে যান তিনি। তিন সংস্করণ মিলিয়ে রোহিতের ছক্কা এখন ২১২টি। তার সামনে শুধু ইংল্যান্ডের ওয়েইন মরগ্যান, ২৩৩ ছক্কা।

জুটির দুইশ পেরিয়ে আর উইকেটে থাকা হয়নি রোহিতের। উডের বাউন্সারে পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি তিনি। মিড উইকেটে স্টোকসের সহজ ক্যাচে ভাঙে জাদেজা ও রোহিতের ২০৪ রানের জুটি।

ছয় নম্বরে নামেন অভিষিক্ত সরফরাজ। বেশ কয়েক বছর ধরেই জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়ায় প্রতিবাদ করে আসছিলন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। ‘বিদ্রোহী’ তকমা পেয়ে যাওয়া সরফরাজ শুরুর ইনিংসেও তাকে উপেক্ষার জবাব দিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে। মাত্র ৪৮ বলেই পূর্ণ করেন জীবনের প্রথম পঞ্চাশ। ভারতের হয়ে টেস্ট অভিষেকে এর চেয়ে দ্রুত ফিফটি আছে আর একটি, যুবরাজ সিংয়ের ৪২ বলে।

সেঞ্চুরির কাছাকাছি গিয়ে খোলসবন্দি হয়ে পড়েন জাদেজা। তার রানিং বিটুইন দ্য উইকেটেও দেখা দেয় দ্বিধা। ৯৯ রানে দাঁড়িয়ে মিড অনে খেলে রানের জন্য ডাক দেন তিনি। পরক্ষণেই ফিরিয়ে দেন। ক্রিজে ফেরার আগেই উডের সরাসরি থ্রোয়ে বিদায়ঘণ্টা বাজে সরফরাজের। সমাপ্তি ঘটে ৯ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬২ রানের ইনিংসের।

পরের বলেই অন সাইডে খেলে তিন অঙ্কের জাদুকরী ছোঁয়া পান জাদেজা। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির জন্য তিনি খেলেন ১৯৮ বল। আজ ১১০ রান নিয়ে আবার ব্যাট করতে নামবেন জাদেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত