মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ লাখ রুপি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, এ নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পুনের বাসিন্দা ওই শিক্ষার্থী। বাবা বিত্তবান জেনেই তাকে ফাঁসানোর ছক কষে অভিযুক্তরা। প্রথমে তরুণের সঙ্গে আলাপ জমায় তারা। বিশ্বাসযোগ্যতা অর্জন করে। বন্ধুত্ব গাঢ় হতেই গত ১০ ফেব্রুয়ারি কলেজের পাশে একটি কফি শপে ডেকে পাঠানো হয় তাকে। কথামতো হাজির হন ওই তরুণ। এরপরই তাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুজন পুলিশকর্মী। এছাড়া আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে অনেকে তরুণের সহপাঠী। তারা কফি শপে তরুণের পকেটে গাঁজার প্যাকেট ঢুকিয়ে দেয়। এরপর তল্লাশি চালায়। উদ্ধার হয় মাদক। এ সময় তরুণকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে তরুণ। কিন্তু তার অনুনয় মানতে নারাজ ছিলেন অভিযুক্তরা।
শেষ পর্যন্ত তরুণের কাছ থেকে ২০ লাখ রুপি দাবি করা হয়। তিনি জানান, তার কাছে এত টাকা নেই। বাবার কাছ থেকেও চাইতে পারবেন না। শেষ পর্যন্ত নিজের কাছে থাকা চার লাখ ৯৮ হাজার রুপি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এ সময় কাউকে কিছু জানালে তাকে খুন করার হুমকি দেয় অভিযুক্তরা।
