মেয়র প্রার্থীর হুমকি

‘আখের মেশিনের মতো নিংড়িয়ে টাকা আদায় করা হবে’ 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করলে ‘আখের মেশিনের মতো নিংড়িয়ে রস বের করে টাকা আদায় করা হবে’ বলে হুমকি দিয়েছেন বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্ততিসভায় এ মন্তব্য করেন। তার বক্তব্যের একটি অংশের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া বক্তব্যে মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুকে বলতে শোনা যায়, ‘আমি নির্বাচিত হলে যেসকল ভোটার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্লান, ওয়ারিশ সার্টিফিকেটসহ সকল কাজ চোখের পলকে করে দেব। আর যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাদের আখের মেশিনে যেভাবে রস বের করে সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’

নাজমুল আহসান নান্নুর এমন বক্তব্য নিয়ে সমালোচনার পর অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রস্ততিসভার নামে প্রচারণা চালানো ও উসকানিমূলক মন্তব্য করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনেন।

মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর ইন্ধনে তার সন্ত্রাসী বাহিনী সরকারি জমি দখল করে স্টল নির্মাণ, পূজা উদযাপন কমিটির সভাপতি ও প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসসহ আমার একাধিক কর্মী সমর্থকদের মারধর করে নির্বাচনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। এসব ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। সাধারণ ভোটাররা নান্নু বাহীনির ভয়ে ভীত সন্ত্রস্ত। এ অবস্থায় নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান বর্তমান মেয়র মতিয়ার রহমান।

অভিযোগের বিষয়ে আমতলী পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর মুঠোফোনে কল করলে ‘আমি একটা জনসভার মধ্যে, পরে কথা বলব বলব’ বলে কল কেটে দেন। পরে একাধিকবার কল করলেও তিনি আর রিসিভ করেননি।

এ বিষয়ে আমতলী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদি বলেন, প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত